সাভারে রানা প্লাজার সামনে লংমার্চকারীদের পথসভা
বাগেরহাটে রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখে শুরু হওয়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চকারীরা সাভারে ধসেপড়া রানা প্লাজার সামনে পথসভা করেছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চটি শুরু হয়ে দুপুর ২টায় সাভার পৌঁছে।
সংক্ষিপ্ত পথসভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এদেশে সরকার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিক নির্যাতন, সুন্দরবন ধ্বংস, বঙ্গোপসাগর দখল, ফুলবাড়ি ধ্বংসের রীতির কোনো পরিবর্তন হয় না।
তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে বঙ্গোপসাগর বাংলাদেশের মালিকানায় থাকবে। এমন উন্নয়ন চাই যেখানে খনিজ সম্পদের শতভাগ মালিকানা দেশের মানুষের হবে।”
ফলে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষেরা শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, বিদ্যুৎ পাবে এবং জীবনের নিরাপত্তা নিশ্চয়তা ও মানুষ হিসেবে সম্মান পাবে।
তাই তিনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে ধ্বংসের নামে উন্নয়ন, মুনাফার নামে উন্নয়ন, দখলদার লুটেরাদের বিরুদ্ধে জনগণের শক্তি অক্ষত রেখে শক্তি তৈরির আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না প্রমুখ।
