জামায়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত আটঘাট বেঁধে: ইনু
গণতান্ত্রিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিয়ম মেনে জামায়াতে ইসলামীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কাযার্লয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “জামায়াতের নানা নাশকতামূলক কর্মকাণ্ডের হিসেব রাখা হচ্ছে। তাদের দিন ফুরিয়ে এসেছে। আটঘাট বেঁধে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।”
হাসানুল হক ইনু বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার পর ভেবেছিলাম তারা গণতান্ত্রিক আচরণ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে, চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, গাড়িতে আগুন দিয়ে চালকদের হত্যা করছে।”
গাড়িতে আগুন দিয়ে তিন চালককে হত্যার পরেও এ বিষয়ে কোনো নিন্দা বা বিবৃতি না দেয়ায় বিরোধী দল ও সুশীল সমাজের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, “তাদের দিন ফুরিয়ে এসেছে। গণতান্ত্রিক দেশে সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেয়া হয়। সরকারও জামায়াতের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিবে।”
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোন সন্ত্রাসী সংগঠনকে ভয় পায় না।
“জামায়াত বিএনপির মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তাই আটঘাট বেঁধে জামায়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।”
নিবার্চনের আগে জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধের সঙ্গে নিবার্চনের কোনো সম্পর্ক নেই। এটা প্রশাসনিক সিদ্ধান্ত।”
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চ।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এ দাবি তোলা হচ্ছে।
