রংপুরে পুলিশের ওপর হামলা
রংপুর নগরীতে কয়েকজন যুবক এক পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়েছে।
ওই সময় পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। তবে, তার ছোড়া গুলিতে হামলাকারী এক যুবকও আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ২টার দিকে কেরানীপাড়া মোড়ে এ ঘটনায় আহতরা হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীর এবং স্থানীয় মোস্তাফিজুর রহমান ভুইয়ার ছেলে জিপু (২২)।
এএসপি হুমায়ুন কবীর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন এবং জিপুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি নিজ কার্যালয়ে ফিরছিলেন গাড়িতে করে।
এ সময় যুবকরা তাকে মারধর শুরু করলে ‘আত্মরক্ষার’ জন্য তিনি নিজ রিভালভার থেকে একটি গুলি ছোড়েন। এতে জিপু আহত হয় এবং অন্য যুবকরা পাশের খালে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জিপুকে আটক করা হয়।
কিছুক্ষণ পর আরো পুলিশ এসে খাল থেকে চারটি রামদা ও ছয়টি বেকি উদ্ধার করে।
হামলা শিকার এএসপি আরো জানান, মঙ্গলবার বিকালে রংপুরের রাধাবল্লভ এলাকায় গণপূর্ত বিভাগে একটি কাজের দরপত্র খোলার তারিখ ছিল।
এ নিয়ে গোলমাল হওয়ার আশঙ্কা থাকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। রাধাবল্লভ এবং কেরানীপাড়া মোড়ের অবস্থান কাছাকাছি।
পুলিশের ধারণা ওই যুবকরা টেন্ডার ছিনতাইয়ের জন্য অস্ত্র নিয়ে জমায়েত হয়েছিল।
