যুদ্ধাপরাধ মামলায় আপিল বেঞ্চ পুনর্গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শোনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানির বেঞ্চে যোগ দিয়েছেন বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকী, যিনি এর আগে কাদের মোল্লার মামলার শুনানিতে ছিলেন না।
আর কাদের মোল্লার আপিল শুনানিতে থাকা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আর এ বেঞ্চে থাকছেন না। ফলে এই বেঞ্চে বিচারকের সংখ্যা পাঁচজনই থাকছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এই বেঞ্চের বাকি চারজন হলেন- বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগে বর্তমানে আরো একটি বেঞ্চ রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।
মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে একটি মামলা আদেশের জন্য রয়েছে। যেখানে রয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এই বেঞ্চের পরের মামলাগুলোতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পরিবর্তে বিচারপতি হাছান ফয়েজ সিদ্দিকীর নাম রয়েছে।
২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া শুরু হয়। ৫ ফেব্রুয়ারি এক রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
ওই রায়ের পর কাদের মোল্লার সর্বোচ্চ সাজার দাবিতে সারাদেশে ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে সরকার আইন সংশোধন করে আপিলের ক্ষেত্রে প্রসিকিউশন ও আসামি- উভয় পক্ষের সমান সুযোগ তৈরি করে। আগে প্রসিকিউশন শুধু খালাসের ক্ষেত্রে এবং আসামিপক্ষ সব ক্ষেত্রেই আপিল করার সুযোগ পেত।
আইন সংশোধনের পর রায়ের এক মাসের মধ্যে উভয়পক্ষই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে। গত ১ এপ্রিল এ মামলার আপিল শুনানি শুরুর আগে আপিল বিভাগে গঠন করা হয় দুটি বেঞ্চ।
যুদ্ধাপরাধের আপিলের মামলা শুনতে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে শুরুতে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াও ছিলেন। তবে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া অবসরে যাওয়ায় জুন মাস থেকে ৫ বিচারপতি নিয়েই চলছে এ বেঞ্চ।
