কুড়িলে শ্রমিক বিক্ষোভ, অবরোধ
সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আহ্বানের পরও কাজে যোগ না দিয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত-কুড়িল এলাকার ইউরো জোন, মোহাম্মদীয়া, ক্লাসিক, জেমস ফ্যাশন, সিনহা ফেব্রিকসসহ বিভিন্ন কারখানার কয়েক হাজার কর্মী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে।
তারা কুড়িল ফ্লাইওভারের নিচে একটি অংশে অবস্থান নিলে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা প্রগতি সরণির অন্য অংশে সরে যায়।
এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছেন ভাটাড়া থানার এস আই মতিয়ার রহমান শরিফ।
বিক্ষোভের এক পর্যায়ে কিছু শ্রমিক একটি কারখানার দিকে ঢিল ছুড়ে কাচ ভাংচুরের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে ইউরো ফ্যাশন নামের একটি কারখানার কর্মকর্তারা নভেম্বর থেকে বর্ধিত বেতন ভাতা কার্যকর করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়।
মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুত্ফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে।”
ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবিতে গত চার দিন ধরে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাংচুর চালিয়ে আসছে পোশাক শ্রমিকরা।
এই প্রেক্ষাপটে সোমবার মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে সচিবালয়ে দুই দফা বৈঠক করে রাজপথে জ্বালাও-পোড়াও বাদ দিয়ে শ্রমিকদের মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান।
রাতে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ যথাযথ পাওনা পরিশোধে মালিকরা অঙ্গীকার করেছে। আমি আশা করছি, শ্রমিকরা আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করবেন।”
শ্রমিকদের দাবির বিষয়ে তিনি বলেন, সভায় নির্ধারিত সময়ের আগে মজুরি বোর্ড বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মজুরি বোর্ড বাস্তবায়নের শেষ সময়।
“নভেম্বরের মধ্যে নতুন মজুরি বোর্ড বাস্তবায়নের জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে। মালিকরাও সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।”
