২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা দানুকে শেষ শ্রদ্ধা

ভালোবাসা আর শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কাজী ইনামুল হক দানুকে শেষ বিদায় জানিয়েছে চট্টগ্রামের সাধারণ মানুষ ও তার রাজনৈতিক সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 11:08 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার দুপুর ২টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক মতভেদ ভুলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং কয়েক হাজার মানুষ এ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দানুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

তারপর এই বীর মুক্তিযোদ্ধার কফিন ঢেকে দেয়া হয় জাতীয় পতাকায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সমবেতরা নিরবে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।

গত রোববার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী ইনামুল হক দানু। তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

ছাত্র জীবনেই রাজনীতি শুরু করেন দানু। পাকিস্তান আমলে সামরিক শাসন বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।

২০০৬ সালে নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার বিকালে বিশেষ হেলিকপ্টারযোগে তার মরদেহ চট্টগ্রামে আনা হয়।

সোমবার জানাজার আগে প্রয়াতের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহাম্মদ।

জানাজা শেষে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “নীতি আর আর্দশের প্রশ্নে কখনো আপোষ করেননি দানু ভাই। সারা জীবন জুলুম নির্যাতন সহ্য করেও তিনি রাজনীতি করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা ও যোগ্য সংগঠককে হারালাম।”

এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চট্টগ্রাম চেম্বারের পক্ষে সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মঞ্জুর আলম ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টার, সাংসদ শামছুল হক চৌধুরী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম ও মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রামের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও জেলা পুলিশের এসপি কে এম হাফিজ আক্তার জানাজায় উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন দানুর ছোট ভাই এহতেশাম ও ছেলে রাজেশ ইমরান।

জানাজা শেষে নগরীর চট্টেশ্বরী সড়কে বায়তুল ফালাহ মসজিদে বাবা-মায়ের কবরের পাশে অন্তিম শয়ানে শায়িত হন দানু।

কাজী ইনামুল হক দানু কুমিল্লা জেলার দেবিদ্বারের কাজী পরিবারের সন্তান। তার তিন ছেলে। তিনি নগরীর চকবাজার এলাকার জয় নগরের স্থায়ী বাসিন্দা ছিলেন।