শ্রমিকদের কাজে ফেরার আহ্বান
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের অসন্তোষ ও বিশৃঙ্খলার প্রেক্ষাপটে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আন্দোলনরতদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
সোমবার টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে শ্রমিকদের অবরোধ ভাংচুর চলার মধ্যেই বেলা ১২টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
তবে শ্রমিকদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস এ বৈঠক থেকে আসেনি।
প্রায় তিন ঘণ্টার এ বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “যেসব কারখানায় অস্থিরতা চলছে, আমি তাদের শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
শ্রমিক, মালিক ও সরকারের পক্ষ থেকে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে তাদের কাজে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
“এরপরও যারা কাজে যাবেন না, তারা আমাদের কেউ না। তারা কারখানা বন্ধের ষড়যন্ত্র চালাচ্ছে।”
তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এ মান্নান কচি কারখানা খোলা রাখার জন্য সরকারের কাছে নিরাপত্তা চান।
জবাবে নৌমন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরপাত্তা দেয়ার আশ্বাস দেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মণ্টু ঘোষ বলেন, ৮ হাজার ১০০ টাকা ন্যূনতম মজুরির দাবিতেই শ্রমিকরা এ আন্দোলন করছে বলে তিনি মনে করেন।
“তবে এ বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং এর দায়-দায়িত্ব সংগঠনগুলো নেবে না।”
বিভিন্ন স্থানে ভাংচুরের পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদের মধ্যে শ্রম সচিব মিকাইল শিপার, সাংসদ টিপু মুন্সি, বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম বৈঠকে উপস্থিত রয়েছেন।
আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত তিন দিন ধরে গাজীপুর, সাভার ও রাজধানী ঢাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ চালিয়ে আসছে।
তাদের অবরোধের কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা এবং সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বিঘ্নিত হয় রাজধানীর নাবিস্কো মোড় এলাকাতেও।
বিশৃঙ্খলা এড়াতে গাজীপুর ও সাভারের দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৈঠকের শুরুতে শাজাহান খান সাংবাদিকদের বলেন, “কোনো না কোনোভাবে কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে এ কাজ করাচ্ছে। কখনো কোনো শ্রমিক গার্মেন্টস ভাঙতে পারেন না। নিজে যে ঘরে থাকে সে ঘরে কেউ আগুন দিতে পারে না।”
তিনি বলেন, পোশাক শ্রমিকদের দাবি ন্যূনতম বেতন আট হাজার একশ টাকা করতে হবে। আর মালিকরা দিতে চায় ৩ হাজার ৬শ টাকা।
“কোনো দাবিই ঠিক নয়। আমরা সবাইকে নিয়ে বৈঠক করে বিষটি চূড়ান্ত করব। তবে সবাইকেই ছাড় দিতে হবে।”
শ্রমিকদের উদ্দেশ্যে এই পরিবহন শ্রমিক নেতা বলেন, “কোনো তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না। পোশাক কারখানায় জ্বালাও-পোড়াও ভাংচুর করে বিষয়টিকে ভিন্নখাতে নেবেন না।”
