‘নেতাদের মুখের বিষে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে’
কতিপয় রাজনৈতিক নেতার মুখের বিষে প্রতিনিয়ত সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ফেনী কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, সঙ্কট সমাধানে সংলাপ অনিবার্য। সদিচ্ছা ও আন্তরিকতার অভাব থাকলে লোক দেখানো সংলাপ করে লাভ নেই।
প্রতিষ্ঠার ৯১ বছর পর সকালে ফেনী সরকারি কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে কাদের বলেন, “আমরা আগেও বলেছি, ওয়ান সাইডেট নির্বাচন করতে আমরা চাই না। সকল নিবন্ধিত দলকে নিয়ে নির্বাচনে যেতে চাই।
“আমাদের দেশের অতীতের সংলাপের রেকর্ড ভাল নয়। সংলাপের জন্য মনটা পরিষ্কার থাকতে হবে। শর্ত দিয়ে কখনও সংলাপ হয় না।”
উদ্বোধন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক উৎপল কান্তি বৈদ্য।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দাকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।
১৯২২ সালে ফেনী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজে বর্তমানে ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
