মুঈনুদ্দীন-আশরাফের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সোমবার
একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের আগে বুদ্ধিজীবীদের হত্যার দায়ে অভিযুক্ত আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য নেয়া শেষ হয়েছে।
এই দুই পলাতক আসামির পক্ষে কোনো সাক্ষী না থাকায় সোমবার থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববরা বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমানকে জেরা করা শেষ করেন রাষ্ট্রনিয়োজিত আইনজীবী সালমা হাই টুনি। এরপরই যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করা হয়।
গত ২৪ জুন মানবতাবিরোধী অপরাধের ১১টি ঘটনায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
গত ২ মে দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশে না পাওয়ায় তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তারপরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। আর চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরোজ্যে বসবাস করছেন। তার বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।
