মেঘনায় বর্ণিল নৌকাবাইচ
নরসিংদীতে মেঘনা নদীতে নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহামানের নৌকা।
শনিবার দুপুরে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় রানার্স আপ হয় একই এলাকার জাহাদ আলীর নৌকা।
নরসিংদী নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ থেকে বর্ণিল সাজে ৪৫টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানিয়েছেন শেরে বাংলা ক্লাব, নরসিংদীর সাধারণ সম্পাদক নূরে আলম নান্নু।
শেরেবাংলা ক্লাব আয়োজিত নৌকাবাইচে পাড়ি দিতে হয় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলভাটা থেকে নরসিংদী পৌর এলাকার ইউএমসি জুটমিল ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ।
গ্রামবাংলার ঐতিহ্য এ বাইচ দেখতে নরসিংদী ও আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার মানুষ ভীড় জমায় নরসিংদী শহর রক্ষা বাঁধে। এছাড়াও চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষ মেঘনায় নৌকায় বসে উপভোগ করেন এ প্রতিযোগিতা।
নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় প্রতিযোগিতার সহায়তাকারী নাহার জুট ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তারেক আহমেদ, শেরেবাংলা ক্লাবের সভাপতি কায়কোবাদ হোসেন কালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
