উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খাতাসহ আটক ৩
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাগুরা কেন্দ্রের ডিগ্রি চূড়ান্ত পরীক্ষার খাতাসহ স্থানীয় একটি কলেজের তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে শহরের ‘আদর্শ কলেজের’ এ তিন অফিস সহকারীকে আটক করে সদর থানা পুলিশ।
এরা হলেন- সদরের শিবরামপুর গ্রামের গোলাম মোস্তফা, নড়ীহাটির বাসিন্দা এবাদত হেসেন এবং নীজনান্দুয়ালী গ্রামের সুভাষ কুমার।
মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক ও মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ইউএনও আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা শেষে বিকালের দিকে খবর আসে একটি চক্র জালিয়াতি করে নতুন করে খাতায় লিখে পরীক্ষার মূল খাতার ভেতরের পাতাগুলো ফেলে প্রথম পাতার সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছে।
এরপর রাত ৮ টার দিকে সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামে জিয়াউল নামে এক ছাত্রের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সে পালিয়ে গেলেও তার ঘর থেকে উন্মুক্তর খাতা উদ্ধার হয়।
তিনি বলেন, পরে আদর্শ কলেজের ওই তিন কর্মচারীর বাড়িতে অভিযান চালিয়ে চারশ’ খাতাসহ তাদের আটক করা হয়।
মাগুরা অঞ্চল থেকে এদিন প্রায় ৫০০ শিক্ষার্থী ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশ নেন।
ইউএনও বলেন, “দীর্ঘ দিন ধরে একটি চক্র মাগুরায় উন্মুক্তর পরীক্ষার খাতা জালিয়াতি করে আসছে। যার মূল হোতা আটক গোলাম মোস্তফা ও রেজা নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাগুরা কেন্দ্রের পরিচালক ও আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার পর পরই কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে খাতা পোস্ট অফিসে জমা দেওয়া হয়।
তিনি বলেন, কিভাবে এ ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। সঠিক ঘটনা তদন্তে বেরিয়ে আসবে।”
