২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমনের গানে ফেলানী

বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচারে বিএসএফ সদস্যের খালাসের প্রতিবাদ গানের মাধ্যমে জানিয়েছেন কবির সুমন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 11:07 AM

Updated : 25 Apr 2022, 07:17 PM

বিএসএফের আদালতে রায়ের ১৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে গানটি তুলেছেন তিনি।

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সমান জনপ্রিয় সুমন এর আগে শাহবাগ আন্দোলন ও লেখক হুমায়ূন আহমেদকে নিয়েও গান গেয়েছেন।

গানে সুমন সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, যার প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। 

সুমন লিখেছেন- “শোন বিএসএফ শোন হে ভারত কাঁটা তারে গুনগুন/ একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন/রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই/তোমার গুলিতে বাংলার পাখি কাঁটা তারে ঝুলবেই।”

বাংলাদেশি কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে ঢোকার সময় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর লাশ তখন সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

গত ৫ সেপ্টেম্বর বিএসএফের আদালত ফেলানী হত্যাকাণ্ডে অভিযুক্ত বাহিনীর একমাত্র সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়।

ফেলানীকে নিয়ে লেখা সুমনের গান

ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাঁটা তার

গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানী বলতো দোষটা কার!

কিন্তু সে নয় ফেলানী খাতুন বিএসএফ জানে ঠিক

পথ ভুল করে নিয়েছিল গুলি হঠাৎ তোমার দিক

বেকসুর ছুটি পেযেছে সেপাই খুনীরা যেমন পায়

ভেবে দখ মেয়ে ওই খুনীটাও বাংলায় গান গায়

তুমিও গাইতে গুনগুন করে হয়তো সন্ধ্যে হলে

তোমারি মতন সেমই সুরগুলো কাঁটা তার থেকে ঝোলে

শোন বিএসএফ শোন হে ভারত কাঁটা তারে গুনগুন

একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন

রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই

রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই

তোমার গুলিতে বাংলার পাখি কাঁটা তারে ঝুলবেই।