রাজশাহীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় নারীসহ দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে সপুরা গোরস্থানের মোড়ে এ হামলায় আহতরা হলেন ১৫ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম ও মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রুমা খাতুন।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক যুবদল নেতার নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠলেও দলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, পূর্বের সংঘর্ষ ও মামলার জের ধরে এ হামলা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে রবিউল ইসরাম সপুরা গোরস্থান মোড়ে গিয়ে দাঁড়ালে ১৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু জাফর আলমগীর বাবুর নেতৃত্বে সংগঠনটির ৬/৭ জন সমর্থক হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে রবিউলকে।
তাকে উদ্ধার করতে গিলে মহিলা যুবলীগের নেত্রী রুনা খাতুন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করে যুবদলের কর্মীরা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আল তৌহিদ মাসুদ রনি বলেন, গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবু জাফর আলমগীর বাবু।
সে মামলার মামলার বাদী হচ্ছেন হামলার শিকার রুমা খাতুনের ভাই ওয়ার্ড যুবলীগের ত্রাণ সম্পাদক জনি রহমান। এক নম্বর সাক্ষী আহত রবিউল ইসলাম।
ওই মামলার জের ধরে এ হামলা চালানো হয়, বলেন তিনি।
এ ব্যাপারে মহানগর যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসোদ্দেক হোসেন বুলবুল বলেন, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। হাউজি খেলা নিয়ে এ হামলা হয়েছে।
তিনি আরো বলেন, যুবদল সভাপতি আবু জাফর আলমগীর বাবু রাজশাহীতেই নেই। তাই তার হামলা করার অভিযোগ সত্য হতে পারে না।
