২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা

জামায়াতে ইসলামীর হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার বিকালে সীতাকুণ্ড থানায় পুলিশের পক্ষ থেকে এ মামলাগুলো করা হয়।

এর মধ্যে হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় দুটি এবং বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

সীতাকুণ্ড থানার এসআই শফিকুল ইসলাম ও রেজাউল করিম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দুটি করেন। তাতে ৪০ থেকে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার পর সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে অতর্কিত গাড়ি ভাংচুর এবং তাতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

এসময় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি ট্রাক ও একটি কার্ভাড ভ্যান, মগ পুকুরপাড় এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান এবং সুলতানা মঞ্জিল এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়।

অগ্নিসংযোগের মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোস্তফা, পৌর জামায়াতের আমির তৌহিদুল ইসলাম ও সেক্রেটারি আবু তাহেরকে আসামি করা হয়েছে বলে এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।

বুধবার দিন ও রাতে গাড়ি ভাংচুর, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মনিরুল ইসলাম, এএসআই ফারুক আহমেদ, এসআই মেজবাহ উদ্দিন বাদি হয়ে তিনটি মামলা করেছে বলে সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ আলম জানিয়েছেন।