হাই কোর্টের আদেশ গোপন করে দখল
হাই কোর্টের আদেশ গোপন রেখে নিম্ন আদালতের ডিক্রি নিয়ে নাটোরে একটি পরিবারকে নিঃস্ব করেছে প্রতিপক্ষ।
নাটোর সদরের লক্ষীপুর গ্রামে গত মঙ্গলবার এই ঘটনায় পাঁচটি পরিবারকে ঘরবাড়ি ছাড়া করা হয়। এছাড়া ২৫০টি গাছ কেটে, পাকা ঘরবাড়ি ভেঙে, গৃহস্থালি সামগ্রী লুট করে ১০০ শতক জমি দখল নেয় তারা।
পরে হাই কোর্টের আদেশের বিষয়টি নাটোরের আদালতে দেখিয়ে প্রতিকার চাইলে ওই পরিবারকে আবার ওই জায়গার দখল বুঝিয়ে দেয়ার আদেশ দেয়া হয়।
এছাড়া এ ধরনের ঘটনা ঘটানোর কারণ দর্শাতেও প্রতিপক্ষকে নির্দেশ দেয় ওই আদালত।
নাটোর সদর সহকারী জজ আদালতের নথি এবং এলাকাবাসী থেকে জানা যায়, মঙ্গলবার জেলা জজের নাজির আবুল হোসেন ও সদর থানার উপ পরিদর্শক মহিদুল ইসলাম লক্ষীপুর গ্রামে শামসুল হকের বাড়ি যান।
তারা সহকারী জজ আদালতের একটি পরোয়ানা দেখিয়ে শামসুল হকের দখলে থাকা ১০০ শতক জমি প্রতিপক্ষ ফিরোজ মিয়া বরাবর ছেড়ে দিতে বলেন।
এ সময় শামসুল হক দখল ছেড়ে না দেয়ার নির্দেশনা সংক্রান্ত হাই কোর্টের একটি আদেশ দেখান।
কিন্তু তারা শামসুল হকের দেখানো আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষকে জমি দখল করতে বলেন।
শামসুল হক জানান, তখন শতাধিক ভাড়াটে লোকজন শামসুল হক ও তার চার ছেলের পাঁচটি বাড়ি (একটি পাঁচকক্ষবিশিষ্ট পাকাবাড়ি) ভেঙে ফেলে।
তারা ওই জমির ওপর থাকা ২৫০টি ফল ফলাদির গাছ, ঘরবাড়ি, দুটি শ্যালো মেশিন, ধান, চাল, পশু-পাখিসহ গৃহস্থালি সবকিছু লুটপাট করে নিয়ে যায়।
শামসুল হকের ছেলে সাইদুল হক বলেন, নারী শিশুসহ ১৫ সদস্যের পাঁচটি পরিবারের পানি খাওয়ার মত থালাবাটিও রেখে যায়নি তারা। এক কাপড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
শামসুল হক বলেন, বৃহস্পতিবার তার পক্ষ থেকে হাই কোর্টের আদেশের কাগজপত্র নাটোর সদর সহকারী জজ আদালতে দাখিল করে প্রতিকার চাওয়া হয়। শুনানি শেষে বিচারক জানতে পারেন প্রতিপক্ষ ফিরোজ মিয়া উচ্চ আদালতের সিদ্ধান্ত এই আদালতের কাছে গোপন রেখেছেন।
শুনানি শেষে এ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন প্রতিপক্ষ ফিরোজ মিয়াকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
একই সঙ্গে আদালতের নাজিরকে ক্ষতিগ্রস্ত শামসুল হককে অবিলম্বে তার জমিতে দখল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
শুক্রবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে শত শত গ্রামবাসীর সামনে আদালতের আদেশ মোতাবেক ওই জমিতে শামসুল হকের দখল ফিরিয়ে দিতে দেখা যায়।
শামসুল হক বলেন, ফিরোজ মিয়ার সঙ্গে ২৫ বছর ধরে এই জমি নিয়ে মামলা চলছে। ফিরোজ মিয়া নিম্ন আদালতে রায় লাভ করেন। কিন্তু শামসুল হক হাই কোর্টে আপিল করলে ২০১১ সালের ৪ জুলাই হাই কোর্ট নিম্ন আদালতের রায় স্থগিত করেন।
নাটোর আদালতের নাজির আবুল হোসেন বলেন, ফিরোজ মিয়া হাই কোর্টের আদেশ গোপন করায় এই ক্ষয়ক্ষতি হয়েছে। আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তবে ফিরোজ মিয়া বলেন, “হাই কোর্টের স্থগিতাদেশের বিষয়ে আমি কিছুই জানতাম না। তাই এই দুর্ঘটনা ঘটেছে।”
নাটোর জজ আদালতের আইনজীবী প্রসাদ কুমার তালুকদার বলেন, “ফিরোজ মিয়া ডিক্রি লাভের ক্ষেত্রে শঠতার আশ্রয় নিয়েছেন। তিনি নিষেধাজ্ঞার বিষয়টি জানতেন না, একথা সঠিক না। তার বিরুদ্ধে আদালতের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”
