ধর্ম হেফাজতে কারো দরকার নেই: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিপার শওকত আলী বলেছেন, ধর্মকে হেফাজত করার জন্য কোনো গোষ্ঠীর প্রয়োজন নেই, বরং যিনি ধর্ম সৃষ্টি করেছেন তিনিই এর হেফাজত করবেন।
শুক্রবার প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শওকত আলী বলেন, “আল্লাহ তা’আলা কোরাআনে বলেছেন যার যার ধর্ম তার তার কাছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু ইদানিং শুনছি কেউ কেউ ধর্মকে হেফাজত করতে চায়। কেউ নতুন করে ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়।
“ইসলামের ভাষায় এদেরকে নাসারা বলা যায়। ধর্ম যার সৃষ্টি তিনিই এর হেফজাত করবেন।”
বিশ্ব শান্তি মিশন নামে একটি সংগঠনের আয়োজনে ‘অ্যাডুকেশন ফর পিস’ শীর্ষক ওই শান্তি সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজারের ‘জাগো নারী সংস্থা’ ও পুরান ঢাকার ‘প্রগতি হাই স্কুল’কে বিশ্ব শান্তি পদক-২০১৩ দেয়া হয়।
ডেপুটি স্পিকার বলেন, “পৃথিবীতে সব কিছুই শান্তির নামে করা হয়, এমনকি যুদ্ধও করা হয় শান্তির নামে। দুই দুইটি বিশ্বযুদ্ধ চলে গেলো কিন্তু শান্তি এখনো আসে নাই। শান্তি আনতে হলে মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আনোয়ারুল হক, আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট এস আর সাহা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব শান্তি মিশনের প্রতিষ্ঠাতা ডা. কমল কুমার সাহা।
