সিরাজগঞ্জে ছাত্রাবাসে কলেজছাত্রের ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জ শহরে ব্যক্তি মালিকানাধীন একটি ছাত্রাবাসে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
কক্ষে পাওয়া একটি চিরকূট দেখে ধারণা করা হচ্ছে, রুহুল আমিন (২০) নামে ওই ছাত্র আত্মহত্যা করেছেন।
রুহুল আমিন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শেষ বর্ষে পড়তেন। তিনি সদর উপজেলার পদম পাল গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সয়াধানগড়া জগাই মোড় মহল্লার রতনের ছাত্রাবাসে একটি মেহগনি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় শুক্রবার সকালে রুহুল আমিনকে পাওয়া যায়।
সদর থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা আছে তার মৃত্যুর জন্য ছিনতাইকারীরা দায়ী।”
ছাত্রাবাসের সহপাঠীরা জানান, গত ১৫ সেপ্টেম্বর রুহুল আমিন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ইকোপার্কে বেড়াতে গিয়েছিল তার প্রেমিকাকে নিয়ে। সেখানে বখাটেরা তাদের আটকে রেখে মারপিট করে। খবর পেয়ে উভয়ের স্বজনরা তাদের উদ্ধার করেছিল।
মাকে উদ্দেশ্য করে লেখা ওই চিরকূটে লেখা রয়েছে, আত্মহত্যার এই ঘটনা নিয়ে রুহুলের প্রেমিকাকে যেন কোনো হয়রানি না করা হয়।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, তারা চিরকূট এবং ১৫ সেপ্টেম্বরের ঘটনাটি খতিয়ে দেখছেন।
