সার্ক হস্তশিল্প প্রদর্শনী ২২ সেপ্টেম্বর শুরু
ঢাকায় ছয় দিনব্যাপী সার্ক হস্তশিল্প প্রদর্শনী শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর।
এতে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার ৪৬ জন হস্তশিল্পী ও কারুশিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে জানান, প্রদর্শনীর বাইরেও নকশা নিয়ে কর্মশালা, ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে সভা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ম্যাপিং নিয়ে একটি পর্যালোচনা সভা হবে।
সার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে বাংলাদেশের সিরামিক, পাটজাত, জামদানী, কাঁসা-পিতল, টেরাকোটা, বেনারসি, সিল্ক, শোলা, বাঁশ, নকশিকাঁথা, শতরঞ্জি, কাঠ এবং মৃৎশিল্প প্রদর্শিত হবে।
