বিদেশ গমনেচ্ছুদের নিবন্ধন ২২ সেপ্টম্বর থেকে
চাকরি নিয়ে বিদেশ গমনেচ্ছুরা ২২ সেপ্টেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। নির্বাচিতদের মধ্য থেকে চাহিদা অনুযায়ী ‘দৈবচয়ন’ পদ্ধতিতে শ্রমিকদের বিভিন্ন দেশে পাঠানো হবে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
আগ্রহীরা নিজ ইউনিয়ন বা পৌরসভা কিংবা সিটি করপোরেশনের ওয়ার্ড থেকেই এই নিবন্ধন করতে পারবেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই নিবন্ধন চলবে।
এর মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ৪ থেকে ১০ অক্টোবর নিবন্ধন চলবে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।
মন্ত্রী জানান, আগ্রহীদের নির্দিষ্ট দিন নিজের ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয়ে এসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন বাবদ দিতে হবে ২৫০ টাকা।
আগ্রহীদের মধ্যে যাদের বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছর কেবল তারাই নিবন্ধিত হতে পারবেন। তবে গৃহকর্মীর ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত।
যে কোনো দেশের জন্য এ নিবন্ধন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের তালিকায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন বলে মন্ত্রী জানান।
এই নিবন্ধনের মেয়াদ আগামী ২ বছর।
তবে মালয়শিয়া ছাড়া অন্য কোন দেশের চাহিদার পরিপ্রেক্ষিতে এ নিবন্ধন কিনা- এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “আমরা বিদেশে গমনেচ্ছুদের নিয়ে একটি ডাটাবেস তৈরি করছি।চাহিদাপত্র এলে এই ডাটাবেস থেকেই লোক পাঠনো হবে।”
