একসঙ্গে চার সন্তান প্রসব
বিয়ের পর নয় বছরে কোনো সন্তান না হলেও এবার চার সন্তানের জন্ম দিয়েছেন পটুয়াখালীর এক নারী।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আকলিমা বেগমের (৩০) চার সন্তানের জন্ম হয়।
হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক সেলিনা পারভিন বলেন, আকলিমার তিনটি ছেলে ও একটি মেয়ে হয়েছে। মা ও সন্তানরা সবাই ভাল আছে।
তবে শিশুদের শারীরিক ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এই হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্মগ্রহণের ঘটনা এটাই প্রথম বলে জানান সেলিনা পারভিন।
পটুয়াখালীর মরিচ বুনিয়া এলাকার মহিন সিকদারের সঙ্গে নয় বছর আগে বিয়ে হয় একই জেলার ছোটবিঘা গ্রামের আমজাদ হাওলাদারের মেয়ে আকলিমার। তিনি রাজধানীতে একটি পোশাক কারখানায় কাজ করেন।
হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র নাগ জানান, চার শিশুরই স্বাভাবিকের চেয়ে ওজন কম হয়েছে। এর মধ্যে মেয়েটির ওজন মাত্র এক কেজি ২০০ গ্রাম।
আর তিন ছেলের ওজন যথাক্রমে ১ কেজি ৪০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৬০০ গ্রাম।
স্বাভাবিক নবজাতকের ওজন আড়াই কেজি হয় বলে এই চিকিৎসক জানান।
