সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু
রাজধানীর বাইরে চট্টগ্রামের পর সিলেট থেকে বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
৩৩৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের এই ফ্লাইট সরাসরি যাওয়ার কথা থাকলেও সিলেট বিমানবন্দরে রিফুয়েলিং সুবিধা না থাকায় সেটি ঢাকা হয়ে জেদ্দা পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত বলেন, আগামী অক্টোবর থেকেই সিলেট ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং ব্যবস্থা চালু হচ্ছে। এটা হলে এখানে সব ধরনের বিমান নামতে পারবে।
অর্থমন্ত্রী বলেন, রিফুয়েলিং ব্যবস্থা চালু হলেই এ বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে, যা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) সিলেট শাখার সভাপতি খন্দকার শিপার আহমদ জানান, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সিলেট থেকে এবার প্রায় সাড়ে চার হাজার হজ যাত্রী সৌদি আরবে যাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিমানের পরিচালক মোসাদ্দেক আহমদ প্রমুখ বক্তব্য দেন।
