২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসে আগুন দেয়ায় তিন শিবিরকর্মীর দণ্ড

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনের শুরুতে বরিশালে বাসে আগুন দেয়ার ঘটনায় তিন শিবিরকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সিঅ্যান্ডবি এলাকায় নির্বাহী হাকিম আসাফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিএম কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রেজাউল (২২) ও মো. সানাউল্লাহ (২২) এবং বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল জাফর (২২)।

এরা তিনজনই শিবিরকর্মী বলে জানিয়েছে পুলিশ।

আসাফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩৫৩ ধারায় এ তিনজনকে সাজা দেয়া হয়েছে।

ভোর ৫টার দিকে এই এলাকার সিটি বাসের ডিপোতে আগুন দেয় হরতালকারী শিবিরকর্মীরা। এতে পুড়ে যায় তিনটি বাস।  

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় এ তিনজনকে।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।