বাগেরহাটে গাড়ি ভাংচুরের সময় ৭ শিবিরকর্মী আটক
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে জামায়াত ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বাগেরহাটে গাড়ি ভাংচুরের সময় সাত শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের খানকাশরীফ এলাকায় ইটপাটকেল ছুড়ে বাস ও পিকআপ ভাংচুর করার সময়ে পুলিশ তাদের আটক করে।
এরা হলেন, আরিফ (১৭), মাশুক (১৪), পাপন (১৬), শাহীন দিহিদার (১৭), সোহেল (১৭), ওমর ফারুক (১৫) এবং শেখ রবিউল ইসলাম (১৬)।
এদের মধ্যে সোহেলের বাড়ি কচুয়া উপজেলার বিলকুল গ্রামে এবং অন্যরা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, সকাল ১১ টার দিকে খানকাশরীফ এলাকায় ছাত্র শিবিরের ২০-২৫ জন কর্মী জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় ওই এলাকার টহলে থাকা পুলিশ ধাওয়া করে সাতজনকে আটক করে।
