রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকায় অবস্থিত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ডাবলু সরকার বলেন, বুধবার রাতে কে বা কারা টিনের তৈরি অস্থায়ী ওই কার্যালয়ে আগুন দেয়।
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা একটি মোটর সাইকেল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্রসহ পুরো গেছে।
ওয়ার্ডের আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ওই কার্যালয়ে বসতেন। সেখানে স্থায়ী কার্যালয় নির্মাণের প্রক্রিয়া চলছিল।
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর শহর রক্ষা বাঁধের ধারে এবং পঞ্চবটি পানির পাম্পের পাশে সিটি কর্পোরেশনের জায়গায় এই কার্যালয়টি করা হয়।
রাজশাহীতে বিএনপি সমর্থিত নতুন মেয়রের দায়িত্ব নেয়ার দিন সংঘটিত এই ঘটনাকে ‘ক্ষমতা বদলের সহিংসতা’ বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা ডাবলু।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
