জাজিরায় সংঘর্ষে ওসিসহ আহত ৩০
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে থানার ওসিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে শুরু হওয়া প্রায় ৪ ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে ৩০টি দোকানে ভাংচুর, শতাধিক হাতবোমার বিস্ফোরণ ও পাল্টাপল্টি গুলির ঘটনা ঘটে।
জাজিরা থানার ওসি নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে বর্তমান এমপি মোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সমর্থকদের উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
“ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশের সহায়তা নেয়া হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।”
ঘটনাস্থল থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার আব্দুস সাত্তার জানান, সংঘর্ষের সময় ওসি নাজমুল হক, পুলিশ কনস্টল শাহজাহান, সুমন, আতাউর রহমান, এসআই আজহার হোসেন আহত হন।
এছাড়া আহত আওয়ামী লীগকর্মীদের মধ্যে ফজল ফকির, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, কেরামত আলী চৌকিদার, আবু ফকিরের নাম জানা গেছে।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নুরুল হক ব্যাপারীকে ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা যুবলীগের আহবায়ক মুকুল খা বলেন, মোবারক শিকদারের সমর্থক ও জাজিরা ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে উত্তেজনার সূত্রপাত। দুপুরে সংঘর্ষের শুরুতে সিকদারের অনুসারিরা বিএম মোজাম্মেল হকের টিএনটি মোড়স্থ একটি ক্লাবঘরের আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে।
পরে উভয় পক্ষ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। এক পর্যায়ে এমপি মোজাম্মেলের সমর্থকরা আশে পাশের ২৫/৩০টি দোকানে ভাংচুর চালায়।
আওয়ামী লীগ নেতা মোবারক আলী সিকদার বলেন, এমপি মোজাম্মেল তার বাড়ির সামনে টিআর কাবিখার চাউল বরাদ্দ দিয়ে একটি ক্লাবঘর নির্মাণ করে সন্ত্রাসীদের আড্ডাখানা তৈরি করেছে। মোজাম্মেলের লোকজন তার (মোবারকের) সমর্থকদের ওপর হামলা চালালে জনগণ প্রতিহত করেছে।
অবশ্য সাংসদ বিএম মোজাম্মেল হক অভিযোগ করেন, দল ও জনগণ থেকে বিচ্ছিন্ন একটি চক্র প্রথমে জাজিরা কলেজে তার সমর্থক দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে। পরে তারা টিঅ্যান্ডটি মোড়ে দুইজন দোকানদারকে মারপিট করেছে।
