২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে খুন করে লুটপাট

পাবনার চাটমোহর পৌর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

অফ্রাতপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মর্জিনা খাতুন (৪০) স্থানীয় ইয়াকুব আলীর ছেলে আব্দুল হাইয়ের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মর্জিনার স্বামী আব্দুল হাই ১৫/১৬ বছর ধরে সৌদি আরব থাকেন। গত বছরে দেশে এসে বাবার বাড়ির পাশে নিজে আলাদা বাড়ি করে আবার চলে যান। 

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মর্জিনার হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এবং আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এ সময় তার দুই সন্তান দাদার বাড়ি ছিল বলে জানান ওসি।

তিনি আরো বলেন, বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চাটমোহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।