মাওয়া-কাওড়াকান্দি ফেরি সমস্যা কাটছে না
মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পদ্মার তীব্র স্রোতের সঙ্গে এবার যুক্ত হয়েছে নদীর নাব্যতা সঙ্কট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বুধবার এ নৌ-রুটে ১৬টি ফেরির মধ্যে চলছে মাত্র ছয়টি।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, লৌহজং টার্নিংয়ে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। তাই ফ্ল্যাট ফেরিগুলো চলতে পারছে না।
সকাল থেকে দুইটি রো রো, দুইটি কে টাইপ এবং দুইটি মিডিয়াম ফেরি চালু রাখা হয়েছে বলে তিনি জানান।
ফাইল ছবি
এছাড়া নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং কাজ চলছে বলেও জানান তিনি।
এদিকে, ফেরির সংখ্যা কমে যাওয়ায় ঘাটের দুই অন্তত ছয়শ’ যানবাহন আটকা পড়েছে।
বিরূপ আবহাওয়া, নদী ভাঙন, ফেরি সমস্যাসহ নানা কারণে মাওয়ায় প্রায় মাসখানেক ধরে পারাপার ব্যাহত হচ্ছে।
সীমিত পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারকে প্রাধান্য দেয়া হচ্ছে।
এ কারণে পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় কৃষিপণ্য বাজারজাতকরণ ও ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে।
