সংসদে ভুল তথ্যে আ.লীগ সাংসদের ক্ষোভ
সংসদে ‘ভুল তথ্য’ দেয়ায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাংসদ রফিকুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে রফিকুল ইসলাম বলেন, “মন্ত্রণালয় যদি ভুল তথ্য তাহলে আমরা কতটুকু আস্থা রাখবো।”
তিনি এসময় তারকা চিহ্নিত ২৬৬ নম্বর প্রশ্নের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় পার্টির সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ ওই প্রশ্নে ২০১২-১৩ অর্থ বছরে বিভিন্ন নির্বাচনী এলাকায় বিদ্যুৎ লাইন নির্মানের এবং ২০১৩-১৪ অর্থ বছরে কত কিলোমিটার নির্মাণ করা হবে সে সম্পর্কে জানতে চান।
ওই প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক যে তথ্য দেন তার সঙ্গে লিখিত আর একটি প্রশ্নের উত্তরে দেয়া তথ্যের মধ্যে গরমিল রয়েছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।
ওই দুটি প্রশ্নের উত্তরে চাঁদপুরে বিদ্যুৎ লাইন নিয়ে দুই ধরনের তথ্য দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন চাঁদপুরের এই সাংসদ।
তিনি বলেন, “আমরা আশাকরি মন্ত্রণালয় যে তথ্য দেবে তা সঠিক হবে। কিন্তু সেটা হচ্ছে না। তারকা চিহ্নিত প্রশ্নে যে তথ্য দেয়া হয়েছে তারকাবিহীন প্রশ্নের একই বিষয়ের সঙ্গে তার মিল নেই।”
একটি প্রশ্নের উত্তরে হাইমচরের বিদ্যুৎ লাইন নির্মাণ লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে ৫৭ কিলোমিটার। আর একটি প্রশ্নের উত্তরে ২৭ কিলোমিটার দেখানো হয়েছে। একইভাবে ফরিদগঞ্জের ক্ষেত্রে দেকানো হয়েছে ৩৮ কিলোমিটার এবং ৩৫ কিলোমিটার।
বিভিন্ন নির্বাচনী এলাকায় বিদ্যুত লাইন বন্টনে ‘বৈষম্য’ করা হয় অভিযোগ তুলে মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “মন্ত্রণালয় বরাদ্দ দেয়ার সময় মনে হয় কোনো নীতিমালা অনুসরণ করা হয় না। আমাদেরও তো ভোট চাইতে হয়। বৈষম্য হলে কি জবাব দেবো।”
চাঁদপুর-১ আসনের সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী মহউদ্দিন খান আলমগীর আর চাঁদপুর-৩ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রফিকুল ইসলামের নির্বাচনী এলাকা চাঁদপুর-৫।
তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে চাঁদপুরের সাংসদ হিসেবে দেখানো হয়েছে। তাকে আবার ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ হিসেবেও দেখানো হয়েছে।
এবি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাংসদ।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় রফিকুল ইসলামের ‘ভুল’ ধরিয়ে দিয়ে বলেন, “প্রশ্নের উত্তরের শিরোনাম দেখতে বলেন।”
ওই দুটি তথ্যে নির্মিত ও নির্মিতব্য বিদ্যুৎ লাইনের তথ্য দেয়া আছে।
পরে রফিকুল ইসলাম ১৭৬ নম্বর লিখিত প্রশ্ন দেখতে বললে স্পিবার বলেন, “আমরা এ ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।”
