না’গঞ্জে বিকেএমইএ ভবনের সামনে অনশন
তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের সামনে অনশন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শহরের টানবাজার এলাকার পিকিউএস নিটওয়্যারের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
পিকিউএস নিটওয়্যারের শ্রমিক বাবুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাসদের জেলার সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, আবু হাসান কবির, এম এ শাহীন, ইকবাল হোসেন, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, পিকিউএস নিটওয়্যার কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধ না করেই কারখানাটি বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ।
কারখানাটি অবিলম্বে চালু করাসহ শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
তবে কারখানার কো-অর্ডিনেটর সালাউদ্দিন আহম্মেদ জানান, শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পাবেন।
তিনি অভিযোগ করেন, তারা কারখানাটি বন্ধ করেননি। দুই শ্রমিক নেতার কারণে শ্রমিকরা ধর্মঘট করছেন।
