কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট শুরু
নছিমন, করিমন, থ্রি-হুইলার, ভটভটি চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার মধ্যরাতে মাইকিং করে মটর মালিক ও শ্রমিক ঐক্যজোট যৌথভাবে এই পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়।
মঙ্গলবার সকাল থেকে জেলা সদরসহ নয়টি উপজেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিত্যপণ্য ও কাঁচামাল ব্যবসায়ীরাও বিপাকে পড়েন।
জেলা পরিবহন মালিক পক্ষের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, প্রধান সড়কে অবৈধ যান চলাচল বন্ধ, বর্ধিত বিআরটিসি বাস বন্ধ ও রাস্তায় অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।
তিনি বলেন, ইতোপূর্বে এসব দাবি পূরণে অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও প্রশাসন তা বাস্তবায়ন করতে পারেনি। তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়।
কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ সারাদেশের দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সকল রুটে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ও ট্যাংকলরিসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
