২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতাল চলছে শান্তিপূর্ণভাবে

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বাম দলগুলোর আধাবেলা হরতাল চলছে শান্তিপূর্ণভাবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সিপিবি-বাসদ কর্মীরা সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল করেন। মিছিলের আগে জিন্দাবাজারে একটি সমাবেশও করেন তারা।

বাম নেতারা এ সময় ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এছাড়া নেতকার্মীরা সকাল সাড়ে ৬টা থেকেই নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে আছেন। বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় বিক্ষিপ্ত পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

নগরবাসীর নিরাপত্তায় শহরের সবগুলো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি রয়েছে র‌্যাবের টহল।

হরতালের মধ্যে নগরীতে রিকশা ও অটো রিকশা চললেও বন্ধ রয়েছে ভারী যানবাহন। প্রধান সড়কগুলোতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ দেখা গেছে।

গত রোববার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের জনসভা চলাকালে সশস্ত্র ছাত্রলীগকর্মীরা সেখানে হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হন।

ওই হামলার পর তাৎক্ষণিকভাবে সোমবার সিলেটে এই হরতালের ডাক দেয় সিপিবি ও বাসদ।

হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা শাখা বিলুপ্ত করা হয়।

পুরনো খবর:

সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতি আহত