কক্সবাজারে সময় টিভি প্রতিনিধির উপর হামলা
বেসরকারি সময় টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাঈদ জালাল উদ্দিন নামের এক শিবির সমর্থকসহ ৫/৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন সুজাউদ্দিন রুবেল।
মামলায় সুজাউদ্দিন রুবেলের অভিযোগ, পেশাগত কাজ শেষে তিনি কক্সবাজার প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাঈদ জালাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত পরিচয় ৫/৬ জন তার পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল দেয়।
এক পর্যায়ে তাকে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে একটি খালি গ্যাস সিলিন্ডারও নিক্ষেপ করে। সন্ত্রাসীরা তার ক্যামেরা, মোবাইলসহ পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়।
পরে তার চিৎকার শুনে প্রেসক্লাবের ভেতরে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি শংকর বড়ুয়া রুমিসহ অন্য সাংবাদিকরা এসে তাকে উদ্ধার করেন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এজাহার পেয়েছেন। এ ব্যাপারে মামলা লিপিবদ্ধসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
