ফেনীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় নুর আলমের (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার আলম নিহত হওয়ার পর বিকালে তার বাবা কালামিয়া ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
থানার ওসি মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ছয়ঘরিয়া ভারতীয় সীমান্তবর্তী জিরোলাইন এলাকায় বাংলাদেশি লোকজন গরু চরাতে গেলে একটি গর্তে অর্ধগলিত লাশটি দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মাদকসহ চোরাচালানীর কাজে বাধা দেয়ায় ওই যুবককে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
