কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মযার্দা প্রদান এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শনিবার কর্মবিরতি ছাড়াও অনশন কর্মসূচি ঘোষণা করেছে।
এর মধ্যে রয়েছে, ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে তিন ঘণ্টা এবং ১৯, ২১ ও ২২ সেপ্টেম্বর চার ঘণ্টা কর্মবিরতি পালন।
এছাড়া ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে ১ অক্টোবর থেকে ঢাকায় অনশন করার ঘোষণাও দিয়েছেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আমাদের ১২টি দাবির মধ্যে বর্তমানে এই দুটি দাবি করছি সরকারের কাছে। বতর্মানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন স্কেল সাড়ে ৫ হাজার এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৪ হাজার ৯০০ টাকা।”
২০০৯ সালে গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন স্কেল ৮ হাজার এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৬ হাজার ৪০০ টাকা ধার্য করার জন্য প্রস্তাব করা হয়।
তবে ওই প্রস্তাব বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহানারা খানম, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
