চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা সোমবার শুরু
চট্টগ্রাম বিভাগে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-১ চত্বরে মেলার উদ্বোধন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য বশির উদ্দিন আহমেদ। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের জেলা শহরগুলোতেও মেলার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন মেলা কমিটির সভাপতি ও চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. দবির উদ্দিন।
তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
এ ছাড়া মেলা শুরু আগের দিন (রোববার) সকাল ১১টায় একই স্থানে কারদাতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার তিনজন করে সর্বোচ্চ করদাতা এবং দুইজন করে দীর্ঘ মেয়াদী করদাতাসহ মোট ৩০ জনকে পুরস্কৃত করা হবে।
সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জুলাই থেকে অনলাইনে ই-টিআইএন চালু হয়েছে যা ৩১ ডিসেম্বর থেকে শতভাগ কার্যকর হবে। ওই সময়ের পর আগের টিআইএন কোথাও গ্রহণযোগ্য হবে না।
এ বছর মেলায় ৬০টি বুথের মাধ্যমে ই-টিআইএন সেবা দেয়া হবে। যারা আগের টিআইএনধারী তারা নতুনভাবে নিবন্ধন করবে এবং যারা নতুন তারা ই-টিআইএন এর আওতায় আসবে।
গত বছর মেলায় ১২৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৪৫ টাকা আয়কর আদায় হয়েছে এবং ৮৭ হাজার ৫৯৭ জন সেবা গ্রহণ করেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কর অঞ্চল-৪ কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩ এর কমিশনার নজরুল ইসলাম, মেলা কমিটির সচিব ও অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ প্রমুখ।
