আইসিটিসহ তিন অধ্যাদেশ সংসদে
বহু আলোচিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনীসহ তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বর্তমান সংসদের শেষ অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ-২০১৩’, ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১৩’ এবং ‘মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-২০১৩’ সংসদে তোলেন।
সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে। অধ্যাদেশ সংসদে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে তা পাস করতে হয়।
তথ্য-প্রযুক্তি অধ্যাদেশ
সর্বোচ্চ শাস্তির পরিমাণ বাড়িয়ে গত ১৯ অগাস্ট আইসিটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। ২০ অগাস্ট রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।
এতে শাস্তির মেয়াদ বাড়িয়ে ৭ বছর থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল।
এই অধ্যাদেশে পরোয়ানা ছাড়াই আসামিকে গ্রেপ্তারের ক্ষমতা দেয় হয় পুলিশকে।
ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহীউদ্দিন; আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র বিরুদ্ধে এ আইনেই মামলা হয়েছে।
আগের আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে।
এমএলএম অধ্যাদেশ
লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে জেল জরিমানার বিধান রেখে গত ১৯ অগাস্ট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-২০১৩ অনুমোদন করে মন্ত্রিসভা। পরে ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।
এ আইনের ফলে মাল্টি লেভেল মার্কেটিং করতে হলে কোম্পানি গঠন করে লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে।
এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। লাইসেন্সের শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল জরিমানারও বিধান রাখা হয়েছে।
লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবে।
অপির্ত সম্পতি প্রত্যর্পণ অধ্যাদেশ
অর্পিত সম্পত্তির জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়ে গত ২২ জুলাই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১৩ অনুদন করে মন্ত্রিসভা।
অর্পিত সম্পত্তির জন্য আবেদন করার শেষ সময় ছিল ৩০ জুন। যারা আবেদন করতে পারেননি তাদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার অনুমোদেন পর ২১ অগাস্ট অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
সরকারি হিসাবে দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার একর।
