লক্ষ্মীনারায়ণ কটন মিলস রক্ষার দাবিতে স্মারকলিপি
নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসকে ‘অবৈধভাবে হস্তান্তরের ষড়যন্ত্র’ ও শেয়ারহোল্ডারদের মিল কলোনি থেকে উচ্ছেদ ও নিপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ করেছে মিলের শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এ সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপি দেয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা নেতা দুলাল সাহা, রবীন্দ্র দাস, শেয়ার হোল্ডার ওমর ফারুক, রেহানা আক্তার, আব্দুর রউফ, কামাল উদ্দিন, বিদ্যুৎ সরকার মিঠু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০০ সালের ১০ ফেব্রুয়ারি বস্ত্রমন্ত্রণালয় লক্ষ্মীনারায়ণ কটন মিলকে শেয়ার হোল্ডারদের কাছে হস্তান্তর করে। ৫১০ জন শেয়ার হোল্ডারকে ৬৮৬টি শেয়ার দেয়া হয়। কিন্তু শেয়ার হোল্ডাররা এর কোন সুবিধা পায়নি।
তারা অভিযোগ করেন, ২০০১ সাল থেকে এখনো পর্যন্ত বিনা নির্বাচনে মিলটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ দখল করে আছেন সামছুদ্দিন প্রধান। তার নেতৃত্বে মিল পরিচালনা পর্ষদ মিলের গোডাউনে রক্ষিত মালামাল আত্মসাত এবং মিলের পূরাতন মেশিনপত্রসহ বিভিন্ন প্রকারের অস্থাবর সম্পত্তি বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে।
তারা বলেন, প্রায় ৭০০ কোটি টাকার মিলটি ৩৫ কোটি টাকায় নীট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লার নিকট হস্তান্তরের ষড়যন্ত্র করেন তারা। পরিকল্পনার অংশ হিসেবে শেয়ার হোল্ডাদের জোর করে সামান্য কিছু টাকার বিনিময়ে স্বাক্ষর নিতে থাকে। যারা স্বাক্ষর দেয়নি তাদের উপর চলে হুমকি ও নির্যাতন।
