ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার পুরাতন সিনেট ভবনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
গতবারের মতো এবারো ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ হয়েছে সাড়ে তিনশ’ টাকা, যার মধ্যে ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফি থাকছে।
www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।
২০১২ ও ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন), ৮ নভেম্বর ‘খ’ ইউনিট (মানবিক), ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় প্রশাসন), ২২ নভেম্বর ‘ক’ ইউনিট (বিজ্ঞান) এবং ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
গত বছর এই পাঁচ ইউনিট মিলিয়ে মোট ছয় হাজার ছয়শ’ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের জন্য ক- ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচচ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) ন্যূনতম ৮, খ- ইউনিটে ন্যূনতম ৭ ও গ-ইউনিটে ন্যূনতম ৭ দশমিক ৫ জিপিএ থাকতে হবে।
এছাড়া ঘ- ইউনিটে মানবিক শাখার ক্ষেত্রে ন্যূনতম ৭, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম ৮ এবং ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে ন্যূনতম ৭ দশমিক ৫ জিপিএ থাকতে হবে।
এই ইউনিটে আবেদনের ক্ষেত্রে উচচ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে সম্মিলিতভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৬ থাকতে হবে এবং কোনো বিষয়েই জিপিএ-৩ এর নীচে গ্রহণযোগ্য হবে না।
আর চ- ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় বাদে) ন্যূনতম ৬ দশমিক ৫ জিপিএ থাকতে হবে।
জিসিই ও ক্যামব্রিজ প্রার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
