গ্যাসের দাবিতে সিলেটে বৃহস্পতিবার হরতাল
গ্যাসের দাবিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জৈন্তা জনদাবি পরিষদ।
দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও গ্যাস সংযোগ না পাওয়ায় হরতাল ডেকেছেন বলে জানিয়েছেন জৈন্তা জনদাবি পরিষদের সভাপতি নাসির উদ্দিন।
তিনি বলেন, ১৯৫৫ সালে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। অর্ধশতাব্দী অতিবাহিত হলেও জৈন্তিয়া এলাকার জনসাধারণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।
তিনি বলেন, হরিপুর গ্যাস ক্ষেত্র থেকে দেড় কিলোমিটার দূরে কানাইঘাটেও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। গ্যাস নেই পাশ্ববর্তী উপজেলা জকিগঞ্জ, গোয়াইনঘাট, ও কোম্পানীগঞ্জেও।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, এ এলাকার শত শত একর ভূমি স্থানীয়রা দেশ-জাতির বৃহত্তর স্বার্থে গ্যাস ও খনিজ তেল উত্তোলনের জন্য দিয়েছে। অথচ জৈন্তার মানুষের ভাগ্যে এখন পর্যন্ত গ্যাস ব্যবহারের সুবিধা হয়নি।
তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইন স্থাপনের দাবি জানান।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক বলেন, দীর্ঘ দিন থেকে আন্দোলন চলছে। এবার সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। এই দাবির সঙ্গে সকলেই একমত।
গত শতাব্দীর ৯০ দশক থেকে জৈন্তা জনদাবি পরিষদের আন্দোলনের এক পর্যায়ে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর অর্ধ দিবস, ১৯৯৫ সালের ৯ মার্চ পূর্ণদিবস হরতাল পালন করা হয়।
১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ডস ঘেরাও কর্মসূচি দেওয়া হলে তৎকালীন বিএনপি সরকার জনস্বার্থে জৈন্তাপুরে গ্যাসলাইন সংযোগের নিদের্শ দিলে হরিপুর পর্যন্ত আংশিক কিছু এলাকায় গ্যাস লাইন স্থাপন করা হয়।
কিন্তু কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার জনসাধারণ এ সুবিধা পায়নি।
এরপর ওই সংগঠনের ডাকে চলতি বছরের ৩১ জানুয়ারি দ্বিতীয়বারের মত হরতাল পালন করেন জৈন্তাপুরবাসী।
