নীলফামারীতে পিটুনিতে কৃষি কর্মকর্তা আহত
নীলফামারী সদরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার শহরের কৃষি ফার্ম এলাকায় এ ঘটনায় আহত আজমল আলমকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমল আলম সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে কর্তব্যরত রয়েছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(ডিডি) এস এম সিরাজুল ইসলাম জানান, কৃষি ফার্মের কাছে আজমল আলমের বাড়ির পাশে এসে নেশা করত স্থানীয় কয়েকজন বখাটে।
বিভিন্ন সময় এর প্রতিবাদ করতেন আজমল। ওই ঘটনার কারণে তাকে পেটানো হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
