২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিভাতার জন্য ‘কারারক্ষীদের’ প্রচারপত্র

পুলিশের মতো ৩০ ভাগ ঝুঁকিভাতা দাবি করে কারারক্ষীদের নামে একটি প্রচারপত্র পাঠানো হয়েছে ফরিদপুর প্রেস ক্লাবে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 08:19 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার সকালে চিঠিটি জেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রেশাদুল হাকিমের নামে পাঠানো হয়।

পরে প্রচারপত্রটি তারা সাংবাদিকদের হাতে তুলে দেন।

প্রচারপত্রে দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কারারক্ষীরা কঠোর কর্মসূচিতে যাবে বলে উল্লেখ করা হয়।

দাবি আদায়ে কারারক্ষীরা বেতন ও রেশন বর্জনের কর্মসূচির কথাও উল্লেখ করেন।

এ প্রচারপত্রের ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জাহানার বেগম বলেন, পুলিশের মতো কারারক্ষীদের ৩০ ভাগ ঝুঁকিভাতার দাবি তাদের প্রাণের দাবি এবং যৌক্তিক। দাবিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

“তবে কোনো আলটিমেটাম দেওয়ার ঘটনা আমার জানা নেই।”

ওই প্রচারপত্রে উল্লেখ করা হয়, “একই শিক্ষাগত যোগ্যতা ও একই প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কারারক্ষীরা কেন পুলিশের মতো ৩০ ভাগ ঝুঁকিভাতা পাবে না? কেন আমরা বৈষম্যের শিকার হবো?”