ব্যবসায়ীর গুদামে সরকারি চাল, খাদ্য কর্মকর্তা ‘নিখোঁজ’
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি-এলএসডি) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় খাদ্য গুদামের মজুদ গোনার সময় ওসি-এলএসডি মিলন কুমার ম-ল গা ঢাকা দেন।
পরে মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান রেজাউন নবীর নেতৃত্বে পুলিশ মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে আব্দুল হাই ও তার ছেলে রেজাউল ইসলামের দুটি গুদাম থেকে খাদ্য বিভাগের সিল মারা দুইশ বস্তা গম ও আড়াইশ’ বস্তা চাল উদ্ধার করা হয়।
তবে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃত চাল ও গমের মোট পরিমাণ প্রায় সাড়ে বাইশ টন। এ সব চাল ও গম মোল্লাহাট থানায় রাখা হয়েছে বলে জানান মোল্লাহাট থানার ওসি আ. ন. ম. খায়রুল আনাম।
তিনি জানান, এছাড়া সরকারি খাদ্য গুদামের কর্মকর্তা মিলন কুমার ম-ল নিখোঁজের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেগম লায়লা আফরোজা থানায় একটি জিডি করেছেন।
খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মো. এমদাদুর রহমান জানান, মিলন গত প্রায় চার বছর ধরে মোল্লাহাট খাদ্য গুদামে ওসি-এলএসডি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৪ সেপ্টেম্বর তাকে বাগেরহাট কার্যালয়ে বদলি করা হয়।
“সোমবার দায়িত্বপ্রাপ্ত এম. এ. জলিল দায়িত্ব বুঝে নিতে গেলে মিলন বিকেলে গুদামের স্টক গণনার কাজ ফেলে রেখে আত্মগোপণ করেন।”
মোল্লাহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলম জানান, ঘটনা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
