হামলার বিচার চেয়ে গণজাগরণের স্মারকলিপি
আরিফ নূরসহ দেশের বিভিন্ন স্থানে মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের দিকে রওয়ানা দেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বিভিন্ন ছাত্র সংগনের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা পার হলে পুলিশ মিছিলকারীদের আটকে দেয়। এরপর ইমরানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে আসেন।
পরে ইমরান সাংবাদিকদের বলেন, “একের পর এক মঞ্চের কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটলেও এখনো কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আমরা উদ্বেগের সাখে লক্ষ্য করছি আইনশৃংখলা বাহিনী মামলা পরিচালনার ক্ষেত্রে শিথিল আচরণ করছে।”
এ অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “মঞ্চের কর্মীদের উপর হামলার যে মামলা গুলো হয়েছে এগুলোর প্রতি কোনো শিথিলতা দেখানো হয়নি। বরং অন্য অনেক মামলার চেয়ে এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”
এ সব হামলার পেছনে কারা দায়ী জানতে চাইলে মন্ত্রী বলেন, “জামাত শিবির ঘটাতে পারে।” তবে হেফাজতে ইসলাম জড়িত কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
গত শুক্রবার রাতে রাজধানীর পরীবাগ ওভারব্রিজের নিচে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূর। ওই হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছেন মঞ্চের সংগঠকরা।
উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়।
এর কয়েকদিনের মাথায় মিরপুরে নিজ বাসার সামনে মঞ্চের কর্মী ব্লগার রাজীব আহমেদ হায়দার খুন হন।
এছাড়া হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত হয়ে গত জুলাইয়ে মারা যান বুয়েটের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ রায়হান দীপ।
