যুবলীগ নেতার বাড়িতে তরুণীর লাশ
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনসুর আলমের বগাবাড়ী এলাকার একটি বাড়ি থেকে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে পুলিশ ফারজানা আক্তারের (২০) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফারজানা দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের বাসিন্দা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তরুণীকে ঘাড় মটকিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়।
তবে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে যুবলীগ নেতা মনসুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
