২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পানি বৃদ্ধি, ফরিদপুরে প্লাবন

পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার চরমাধবদিয়া, নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়নের ৭৪টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এতে ওইসব এলাকায় খাওয়ার পানি, গবাদি পশুর খাদ্য সঙ্কটসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ বলেন, “আমরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক

নজর রাখছি। যেকোনো পরিস্থিতি মোকবিলায় প্রস্তুত আছি। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। আশঙ্কার কিছু নেই।”

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনূর রহমান মন্ডল তুহিন জানান, ভাদ্র মাসের শেষে পদ্মা নদীতে পানি বাড়ায় চরাঞ্চলের ৪০টি গ্রামের প্রায় ১৬ হাজার পরিবার পানিবন্দি হয়েছে।

নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, গত চার দিনে পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় চর এলাকার ৩০টি গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এতে ওই এলাকার মানুষ কর্মহীন অবস্থায় রয়েছে। গবাদি পশুর খাদ্য সঙ্কট দেখা দিয়েছে বলেও তিনি জানান।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকউজ্জামান মিলন পাল জানান, আইজউদ্দিন মাতবরেরডাঙ্গি ও মুন্সীডাঙ্গিসহ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ায় প্রায় তিনশ’ পরিবার পানিবন্দি হয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওইসব এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক জানান, নদী তীরবর্তী ভাজনডাঙ্গা এলাকায় পানি উঠেছে। এর আগে সাদীপুর ও গদাধরডাঙ্গি এলাকায় পানি ওঠায় সেখানে তিনশ’ পরিবার পানিবন্দি রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিরাজুল হক তালুকদার জানান, পানি উঠেছে এমন এলাকায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সতর্ক রাখা হয়েছে।