২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপরেখা সংসদে উপস্থাপন করুন: নানক

আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বিএনপির কোনো রূপরেখা থাকলে সংসদে উপস্থাপনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশনের কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।

সোমবার সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে বিরোধী দলীয় সংসদীয় ককাসের এক সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ের মধ্যে ‘অন্তর্বর্তী সরকারের রূপরেখা’ দেয়ার ঘোষণা দেন।

এ ঘোষণার সূত্র ধরে নানক বলেন, জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়ে আলোচনা বিএনপি জামায়াতের কার্যালয়ে হতে পারে না। এ নিয়ে জাতীয় সংসদেই আলোচনা করতে হবে।

“কোনো রূপরেখা থাকলে জাতীয় সংসদ উপস্থাপন করুন। সংসদে আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি,” বলেন নানক।

বিএনপি-জামায়াত নির্বাচিত এ সরকারকে সরিয়ে অগণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রতিমন্ত্রী।

এলজিইডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দুপুরে রাজশাহী নগরীর গোরহাঙ্গা মোড়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের স্মরণে নির্মিত মনুমেন্ট উদ্বোধন করেন।

এর আগে তিনি পাঠানপাড়া পদ্মা পাড়ে লালন শাহ পার্ক, সম্প্রসারিত হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ্ এবং ফায়ার ব্রিগেড থেকে নওদাপাড়া সংযোগ সড়ক উদ্বোধন করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা পরিষদ প্রশাসক মাহবুব জামান ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।