সাভারে পোশাক কারখানায় চুরি, গ্রেপ্তার ৮
সাভারে একটি পোশাক কারখানার অর্ধকোটি টাকা চুরির অভিযোগে ছয় কর্মকর্তাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার সকালে সাভারের কলমা এলাকার ‘হট ড্রেস লিমিটেড’ নামের কারখানাটির উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন কারখানাটির ব্যবস্থাপক (হিসাবরক্ষণ) সৈয়দ নুর মোহাম্মদ, সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হিসাবরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মান্নান, নিরাপত্তা পরিদর্শক মো. রাসেল, সহকারী মার্চেন্ডাইজার অখিল কুমার সরকার, অফিস পিয়ন মো. নীরব ও নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম।
মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, সাভারের কলমা এলাকার হট ড্রেস লিমিটেড কারখানার ২১শ’ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন দেয়ার জন্য রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান প্রিমিয়ার ব্যাংক থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা উত্তোলন করে নিয়ে আসে কর্তৃপক্ষ।
ওই রাতেই সবার বেতন পরিশোধ করে অবশিষ্ট ৫১ লাখ ২৮ হাজার টাকা কর্তৃপক্ষকে না জানিয়ে হিসাব বিভাগের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা হিসাব শাখায় রেখে চলে যান।
পরদিন সকালে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়ারেশ হিসাব বিভাগের দরজা খোলা, লকারসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ দেখে কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি অবহিত করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ সদুত্তর দিতে না পারায় সোমবার গভীর রাতে এ আটজনকে পুলিশে দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
