চট্টগ্রাম নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী সড়কে প্রায় একশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
সোমবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আশরাফুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরাদপুর থেকে বিবিরহাট পর্যন্ত অংশে সড়কের সম্প্রসারিত অংশ ও ফুটপাত দখল করে এসব অবৈধ দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
এসব স্থাপনার জন্য সড়কের সম্প্রসারণ ও কার্পেটিংয়ের কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি নিয়মিত যানজটও সৃষ্টি হচ্ছিল।
অভিযান চলাকালে মোট ১৫টি দোকানকে এক লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।
ওই এলাকার দুটি ভবনের অবৈধ অংশ আগামী এক সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।
অভিযানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ মনজুর হাসান উপস্থিত ছিলেন। পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
