নারায়ণগঞ্জ আদালত থেকে পালালো আসামি
নারায়ণগঞ্জে আদালত থেকে হাতকড়া ফেলে এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় চুরির মামলার আসামি রণি মিয়া (৩২)।
রণি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মোটরসাইকেল চুরির মামলার আসামি। সোনারগাঁ থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, মোটরসাইকলে চুরির মামলায় রণিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
“সোমবার সকাল সাড়ে ১০টায় ১৫ আসামির সঙ্গে রণিকে আদালতে হাজির করে কোর্ট পুলিশের হাবিলদার মোজাম্মেল, কনস্টেবল বাশার ও মোহাম্মদ আলী। সেখান থেকেই পালিয়ে যায় রণি।”
রণিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই আশরাফুজ্জামান।
