নওগাঁয় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসনে আরা (২৫)।
তিনি বিনোদপুর গ্রামের আলমাস হোসেনের স্ত্রী।
নিহতের বাবা নাজমুল ইসলাম অভিযোগ করেন, রোববার সকাল সাড়ে ১০টায় হোসনে আরার স্বামী আলমাস তাকে বেদম প্রহার করে। এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
তিনি আরো বলেন, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে আলমাসের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়।
এদিকে আলমাসের দাবি, শরীরে কেরোসিন ঢেলে হোসনে আরা আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হত্যা করা হয়নি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান ওসি।
